সাতক্ষীরার কলারোয়া হাসপাতাল রোডের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলারোয়া হাসপাতাল রোডের কিছু চিকিৎসাকেন্দ্রে নিয়মনীতির তোয়াক্কা না করে সেবা দেওয়ার নামে ব্যবসা চালানো হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে নানাবিধ অনিয়ম ও বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, জনস্বার্থে ও চিকিৎসা সেবার মান বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উন্নত করা ও বৈধ কাগজপত্র নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।