কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (ঝঊখচ) এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে বাজিতপুরে হাঁস-মুরগি পালন বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রকল্পভুক্ত ‘স্বপ্নসারথী’ দলের ১৪ জন কিশোরী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে পরিচালনা করেন বাজিতপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। কিশোরীদের হাঁস-মুরগি পালনকে একটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল, রোগব্যাধি প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিষয়ে বিস্তারিত ও হাতে-কলমে ধারণা প্রদান করেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (ঝঊখচ) অফিসার মোঃ জুয়েল মিয়া এবং কমিউনিটি অর্গানাইজার কহিনুর আক্তার।এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে কিশোরীদের দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) জনাব মিজানুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুল মান্নান। বক্তারা বলেন, কিশোরীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা পরিবার ও সমাজে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে বাল্যবিবাহ, ঝরে পড়া এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করা সহজ হবে। এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।