অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:৫৫ পিএম
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্টিলের আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রূপার অলংকার, নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আব্দুস সালেক মিয়া জানিয়েছেন, সোমবার (৮ জুন) দিবাগত রাতের খাবার শেষে তিনি তার স্ত্রী শামসুন্নাহার এবং দুই ছেলে ও পুত্রবধু নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম ভাঙলে বড় ছেলের স্ত্রী দেখতে পায় তাঁদের কক্ষের দরজা বাহির থেকে আটকানো। পরে ডাকাডাকির একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা দরজা খুলে দেন। এরপর বাড়ির বাহিরে রান্নাঘরের পাশে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে আব্দুস সালেক মিয়া ও তার স্ত্রীর পাসপোর্ট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন এসব কাগজপত্র ঘর থেকে বাহিরে আনা হয়েছে। পরে ছোট ছেলের কক্ষে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখে তারা ডাকাতির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

আব্দুস সালেক মিয়ার বড় ছেলে মাহমুদুল হাসান শোভন বলেন, ডাকাতরা ছাদের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। ছাদের দরজার পাশে একটি বড় আকারের শাবল পাওয়া গেছে। এছাড়া ঘরের ভেতরে কেমিক্যালের গন্ধ পাওয়া যাচ্ছিল।

তিনি আরও বলেন, আমাদের ধারণা ডাকাতরা ক্লোরোফর্ম বা অজ্ঞান করার কোনো রাসায়নিক ব্যবহার করেছে। তা না হলে ছোট ভাইয়ের বিছানার একেবারে পাশেই স্টিলের আলমারি ভাঙা হলেও কেউ কিছু টের পায়নি।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে মঙ্গলবার (৯ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে