জাতীয় সংসদে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওতাধীন প্রায় ৪৭টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার বলেন, "শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর এই শিক্ষিত জাতি গড়ার মূল কারিগর হলেন আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী।"
তিনি অত্যন্ত দুঃখের সাথে জানান যে, দেশ স্বাধীনের ৫৫ বছর পার হয়ে গেলেও বাগমারা উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হতে পারেনি। দীর্ঘকাল ধরে এমপিওভুক্ত না হওয়ার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি অনেক শিক্ষক বাধ্য হয়ে অটো রিকশা ও চার্জার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, যা অত্যন্ত বেদনাদায়ক।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তার নিজের প্রতিষ্ঠিত ‘আদর্শ বিএম কলেজ’-এর জেনারেল শাখা দীর্ঘ ২৬ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হলেও সেটি এখনো এমপিভুক্তির আওতায় আসেনি।
এই মানবিক দিকটি বিবেচনা করে এবং শিক্ষকদের কষ্ট লাঘবে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি উপজেলার সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান।