সাতক্ষীরার কলারোয়ায় ভূমিরূপের বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং আনুষঙ্গিক উপকূলবর্তী প্রাকৃতিক দুর্যোগ নিরূপণের লক্ষ্যে বিশেষ উপকূলীয় ভূতাত্ত্বিক ও ভূ-প্রাকৃতিক মানচিত্রায়ন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বর্তমানে কলারোয়া এলাকায় মাঠপর্যায়ে তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজ পরিচালনা করছেন। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক বহিরঙ্গন কর্মসূচির আওতায় “সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া উপজেলার ভূমিরূপের বৈশিষ্ট্য এবং আনুষঙ্গিক উপকূলবর্তী দুর্যোগ নির্ধারণের লক্ষ্যে উপকূলীয় ভূতাত্ত্বিক ও ভূ-প্রাকৃতিক মানচিত্রায়ন”শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত ১৩ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই বিশেষ মাঠ জরিপ কার্যক্রম আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত অথবা প্রকৃত যাত্রার তারিখ হতে পরবর্তী ৩০ দিন ব্যাপী চলমান থাকবে। বিজ্ঞানসম্মত এই ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণার মূল লক্ষ্য হলো কলারোয়া অঞ্চলের মাটির গঠন, ভূ-প্রকৃতি এবং উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিগুলো নিরূপণ করা। এর মাধ্যমে ভবিষ্যতে এই অঞ্চলের টেকসই অবকাঠামো নির্মাণ, পরিবেশ সুরক্ষা, মাটির টেকসই ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ডাটা বা তথ্য-уপাত্ত পাওয়া যাবে, যা দীর্ঘমেয়াদী সরকারি উন্নয়ন পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে নিয়োজিত জিএসবির বিশেষজ্ঞ দলে নেতৃত্ব দিচ্ছেন এবং সরাসরি যুক্ত আছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তা। তারা হলেন ড. মো: বজলুর রশীদ, উপ-পরিচালক (ভূতত্ত্ব), মো: রুবেল শেখ, উপ-পরিচালক (ভূতত্ত্ব), অনিত আহমেদ, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)। বিশেষজ্ঞ এই দলটির মাঠপর্যায়ে অবস্থানকালীন সময়ে সার্বিক প্রশাসনিক সহযোগিতা, তথ্য-উপাত্ত সরবরাহ, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জিএসবির পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আশরাফুল কামাল স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কলারোয়ার উপজেলা প্রশাসনকে নির্দেশনাক্রমে অনুরোধ জানানো হয়েছে। কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাটির প্রকৃতি পরীক্ষা ও স্থানীয় ভৌগোলিক পরিবেশের ওপর তথ্য সংগ্রহের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের এই যুগে এই ধরণের বৈজ্ঞানিক উদ্যোগকে কলারোয়ার সচেতন মহল অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে সাধুবাদ জানিয়েছেন।