বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও ভালো করার জন্য উৎসাহিত করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীর জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি সংশ্লিষ্টদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করার ক্ষেত্রে জাতীয় শিক্ষা সপ্তাহের গুরুত্ব অনেক। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।”
এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মিজানুর রহমান, চরকুলিয়া লায়লা আজাদ কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান লাভলু, লুৎফর রহমান বিএম কলেজের অধ্যক্ষ সাজেদা জাহান, শিক্ষানুরাগী শেখ মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।