কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে ঐ এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হাসেন খাঁ, সুরত আলী প্রমুখ।
তারা জানান, সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডব লীলা চালিয়ে এ এলাকায় গিলে খায় অনেক বসতভীটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলী জমি। শুধু এ কারনে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। শুধু তাই নয় গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙ্গন কবলিত এলাকায় সরকারীভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও থামানো যাচ্ছে না দুধকুমারের আগ্রাসন। তাই স্থায়ী বাঁধ নির্মানের দাবী জানান তারা।