ঝিনাইদহে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩ জন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৬:৫৬ পিএম
ঝিনাইদহে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩ জন

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সূর্যোদয়ের আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুন ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তৎপর হয় পুলিশ। পরে ওই ঘটনায় ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক(এসআই) রাজিব আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন ফরহাদ, সাধারণ সম্পাদক জিসান বিল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম সোহান এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনুপসহ জেলার বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।মামলা দায়েরের পর গত ৮ জুন রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান সোহেল(৩৫), ছাত্রলীগকর্মী নিলয় ফারহান দীঘল(২০) ও আশিক (২২) নামে ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আসাদ উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। মামলার এজাহারভুক্ত দুইজন এবং একজন অজ্ঞাতনামা আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে