শরণখোলায় পরিবেশ সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৬:৫৯ পিএম
শরণখোলায় পরিবেশ সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় ৯০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে 'গ্রিন হরাইজন' প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এ সময়োপযোপী উদ্যোগ গ্রহণ করেছে।

শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। ‘জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৯০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ওয়ার্ল্ড ভিশনের রামপাল কো-অর্ডিনেশন অফিসের (এরিয়া প্রোগ্রাম) সিনিয়র কো-ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে এবং শরণখোলা এপির প্রোগ্রাম অফিসার অগাস্টিন মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্পিতা হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অর্পিতা হাওলাদার বলেন, "ওয়ার্ল্ড ভিশনের পরিবেশবান্ধব উদ্যোগগুলো ইতোমধ্যে এই উপজেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে শরণখোলাকে একটি আদর্শ, সবুজ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার (ইন্টিগ্রেটেড লাইভলিহুড) মোহাম্মদ রুহুল আমিন, ন্যাশনাল কো-অর্ডিনেটর মোঃ রুহুল আমিন সরকার, উপজেলা সমবায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো:আব্দুল হাই এবং ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির ম্যানেজার ক্যারোল সুপ্তীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে স্থানীয় উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে