সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৭:৩৬ পিএম
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত চৌকির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, চিংড়ি মাছের রেণুপোনা, ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশী মোটরসাইকেল। উদ্ধারকৃত এসব চোরাচালানী মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার কুলিয়া রোড আনসারের মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে, কালিয়ানি বিওপির টহল দল মেইন পিলার ৯/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খৈতলা নামক স্থান থেকে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

এদিকে কলারোয়া সীমান্তবর্তী এলাকায় কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

একই থানার রাজপুর নামক এলাকায় মাদরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ৪০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশী মোটরসাইকেল আটক করে।

এ ছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালি নামক স্থানে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এই জনস্বার্থমূলক অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে