পাবনার চাটমোহরে গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. রবি (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো.রবি উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,ভুক্তভোগী গৃহবধূ (৩৮) চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী ঢাকায় গাড়ি চালানোর কারণে বাড়িতে থাকেন না। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রবি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী,তিনি ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার ১৪ বছর বয়সী মেয়ে পাশের ঘর থেকে সেখানে ছুটে আসে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত রবিকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে কারাগারে পাঠনো হয়েছে।