পাকিস্তানে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন। 

শুক্রবার প্রদেশটির পুরোনো পুলিশ লাইনসের কাছে মসজিদটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলটি প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণটি মসজিদ ভবনের বাইরে ঘটে। বিস্ফোরণের শক্তিতে ঘটনাস্থলে একটি বড় গর্ত তৈরি হয়েছে। আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি।

জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জিও নিউজকে জানান, হামলার পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি বলেন, হামলার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকে।

হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এর আগেও নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

আপনার জেলার সংবাদ পড়তে