সৈয়দপুরে বিভিন্ন স্থানে নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ পিএম
সৈয়দপুরে বিভিন্ন স্থানে নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও খুঁটি হেলে পড়েছে, আবার কোথাও খুঁটি ভেঙে বা পড়ে গিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঝুঁকিপূর্ণ এসব খুঁটির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের বেশ কিছু খুঁটির বেহাল অবস্থা বিরাজ করলেও সেগুলো সংস্কার বা প্রতিস্থাপনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। পাশাপাশি বিদ্যুতের খুঁটি পড়ে গেলে তা সরানো ও সংযোগ স্বাভাবিক করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন গ্রাহকরা।

সর্বশেষ গত ৫ অক্টোবর রাতে সৈয়দপুর পৌর এলাকার মিস্ত্রীপাড়া মহল্লায় একটি বিদ্যুতের খুঁটি সড়কের ওপর পড়ে যায়। এতে ওই সড়কে যান ও মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পাশাপাশি মেরামত কাজের জন্য মিস্ত্রীপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। এতে রাতভর ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুতের খুঁটিগুলো নিয়মিত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ খুঁটি চিহ্নিত করা হলে এ ধরনের দুর্ঘটনা ও বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে জনবহুল এলাকা ও ব্যস্ত সড়কের পাশে থাকা নড়বড়ে খুঁটিগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর নেসকোর আবাসিক নির্বাহী প্রকৌশলী বলেন, লোকবলের অভাবে অনেক সময় মেরামত কাজে বিলম্ব হয়। বিদ্যুতের খুঁটি ঠিকঠাক আছে কি না, তা স্থানীয় লোকজনও জানাতে পারেন। কোথাও কোনো বিদ্যুতের খুঁটি হেলে পড়লে বা পড়ে গেলে এলাকাবাসী দ্রুত নেসকো কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হোক। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটও এড়ানো সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে