সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর। তিনি নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। এর আগে তিনি চারবার দিরাই প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা ও সাংবাদিকতা জীবনে সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে তিনি নিজেকে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সামছুল ইসলাম সরদার খেজুর দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাকিতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জয়নাল আবেদীন সরদার রজনীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক, তাড়ল ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিব এবং সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক আহ্বায়ক ছিলেন।
শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা সামছুল ইসলাম মাদ্রাসা ও কলেজ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ২০০১ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। শিক্ষকতা ও সাংবাদিকতা-দুই ক্ষেত্রেই তিনি দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশে এতিম অসহায় মেয়ে শিশুদের আেমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সামছুল ইসলাম। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে দিরাই উপজেলা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা সর্বদলীয় শান্তি সহায়ক দল (পিএফজি)-এর সমন্বয়ক এবং হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা বলেন, ‘সামছুল ইসলাম সরদার খেজুর প্রখর মেধার অধিকারী একজন সজ্জন মানুষ। দীর্ঘ ছাত্রজীবন, শিক্ষকতা ও সাংবাদিকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতা সর্বজনবিদিত।’
তিনি আরও বলেন, ‘আমি দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করেছি। ছাত্রজীবনেও আমরা সহযোদ্ধা ছিলাম। দিরাই কলেজ ও উপজেলা ছাত্রদল গঠনে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর আগামী দিনের পথচলা আরও সুগম ও সাফল্যমণ্ডিত হোক-এই কামনা করি।’ নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সামছুল ইসলাম সরদার খেজুর বলেন, ‘প্রিয় সহকর্মীরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন অতীতের মতোই দুর্নীতিমুক্ত থেকে নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।’
ব্যক্তিজীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক সামছুল ইসলাম সরদার খেজুর ১৯৯৯ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসা অর্জন করেছেন। পাশাপাশি সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিরাইয়ের শিক্ষা, সমাজ ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।