জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের শেষ রক্ষা হবে না: মামুনুল হক

এফএনএস (ফারহান ইসলাম রাজু; গোলাপগঞ্জ, সিলেট) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের শেষ রক্ষা হবে না: মামুনুল হক

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার না করলে বিএনপি সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, সরকার জুলাই সনদকে ভয় পায়। কারণ, সনদ বাস্তবায়িত হলে প্রশাসনকে দলীয়করণ, পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা এবং বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা সম্ভব হবে না। গ্যাস, তেল ও বিদ্যুৎ খাতে সিন্ডিকেট গড়ে দুর্নীতি করার সুযোগও থাকবে না।


বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং ও মেকানিজমের মাধ্যমে ধানের শীষে ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে এখন জুলাই সনদের গণভোটকে অবৈধ বলা হচ্ছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোট অবৈধ হতে পারে না। একই মায়ের যমজ সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।


প্রশাসন ও বিচারব্যবস্থার দলীয়করণের সমালোচনা করে মামুনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল। মানুষ পুলিশকে আওয়ামী লীগের আরেকটি সংগঠন হিসেবে বিবেচনা করত। তাঁরা এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চান না। পুলিশ ও বিচারব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।


বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সরকার নিজেদের অনুগত প্রধান বিচারপতি চায়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা মেনে নেওয়া হবে না।


সরকারকে সতর্ক করে মামুনুল হক বলেন, জনগণের রায় উপেক্ষা করার পরিণতি অতীতেও ভালো হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।


জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।


সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে দলের শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে