দেশের ‘ক’ শ্রেণীর পৌরসভার মধ্যে চাটমোহর পৌরসভা একটি। যে পৌরসভায় নাগরিক সেবা বলতে গেলে নিম্নগামী। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও অব্যবস্থাপনায় এই পৌরসভার স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য্য যেমন নষ্ট হচ্ছে,তেমনি পৌরসভার নাগরিক জীবন নাকাল হয়ে পড়েছে। ডাম্পিং স্টেশনের অভাবে যত্রতত্র স্তুপ করে রাখা হচ্ছে বর্জ্য। পৌরসভার পাশে বড়াল নদে,পৌর নতুন বাসস্ট্যান্ডে ও বিভিন্ন মহল্লার সড়কের পাশে নিয়মিত বর্জ্য ফেলার কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও দুর্গন্ধে ঠেকা দায় হয়ে পড়েছে। এ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় কোন উদ্যোগ নেই।
জানা গেছে,পৌরসভার রাস্তা-ঘাট,বাসা-বাড়ি,হোটেল-রেস্তোরা আর হাসপাতাল ও ক্লিনিকের যে বর্জ্য উৎপন্ন হয়,সেগুলো ফেলা হয় যেখানে সেখানে।
পৌরবাসীর অভিযোগ,পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ইচ্ছেমতো বর্জ্য ফেলে রাখে। পৌরসভার যথাযথ তদারকি নেই। নেই কোন ডাম্পিং স্টেশন। বর্জ্যরে দুর্গন্ধে চলাচল করা দুরুহ। পৌরসভার কর্তাদের বারবার বলেও কোন ফলাফল পায়নি। বর্জ্যরে কারণে পৌরসভার পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পৌরবাসী বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিকদের দুর্ভোগ লাঘবে বারবার পৌরসভার মেয়র ও প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ জানান,পৌরসভার বর্হ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন দরকার। এজন্য জায়গা পাওয়া যাচ্ছেনা। বর্জ্য ব্যবস্থাপনায় কী পদক্ষেপ নেওয়া যায়,তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।