ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অনুপ কুমার দাস (৫৭) ও আনোয়ারূল আজিম (৪৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের বাড়ি নরসিংদী জেলায়। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈষামোড়া নামক স্থানে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক ও মোটরবাইকটি তাদের হেফাজতে নিয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ জানায়, অনুপ কুমার ও আনোয়ারূল আজিম নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের শাহবাজপুর বৈষামোড়া এলাকায় আসার পর যানজটের সৃষ্টি হয়। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক পেছন দিক থেকে তাঁদের বহনকারী মোটরবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ি অনুপ কুমার। আর গুরূতর আহত অবস্থায় আনোয়ারূল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়। নিহত দুই ব্যক্তির বাড়িই নরসিংদী জেলা শহরের সাটিরপাড়া এলাকায়। খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আব্দুল হালিম বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।