কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত কয়েকদিন ধরে তারাগুনিয়া ফুটবল মাঠে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী খেলায় বালক ও বালিকা-এই দুই গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক গ্রুপে চরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে টলটলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক রাজু আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের তৃণমূল পর্যায়ের টুর্নামেন্ট থেকেই আগামীর দক্ষ ফুটবলার তৈরি হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্ব তারাগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মঞ্জুর সঞ্চয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, চরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমানুল হক, আশরাফুল ইসলাম, নতুনপাড়া সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউল হক, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বদরুদ্দোজা। টুর্নামেন্টকে কেন্দ্র করে তারাগুনিয়া ফুটবল মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।