আল-ফালাহ স্বাস্থ্য সেবা কেন্দ্র

রাউজানে মানবিকতার ব্যতিক্রমী দৃষ্টান্ত

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:২৯ পিএম
রাউজানে মানবিকতার ব্যতিক্রমী দৃষ্টান্ত

চট্টগ্রামের রাউজান-এ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী স্বাস্থ্য সচেতনতামূলক সভা। সমাজের অবহেলিত অথচ পরিশ্রমী পেশাজীবী—রাজমিস্ত্রি, ইলেকট্রনিক মিস্ত্রি, পাইপ ফিটার, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি ও ওয়েল্ডিং কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই আয়োজন করা হয় এই মহতী উদ্যোগ। গত ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় আল-ফালাহ স্বাস্থ্য সেবা কেন্দ্র-এর উদ্যোগে আয়োজিত “স্বাস্থ্য সচেতনতা সভা”য় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে  স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই মানবিক প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোঃ শফি। প্রধান আলোচক ও আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল-ফালাহ মহিলা মাদ্রাসা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা অধ্যক্ষ ইউনুস ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব আব্দুস ছমদ মেম্বার। সভায় বক্তারা বলেন, “যারা প্রতিদিন কঠোর পরিশ্রমে আমাদের সমাজ ও অবকাঠামো গড়ে তুলছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য।” তারা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি, পুষ্টিহীনতা, নিরাপত্তাহীন কর্মপরিবেশ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতার অভাবের বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক লিফলেট প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, জরুরি সহায়তা ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে