সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিপর্যস্ত সাম্পান শ্রমিকরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ পিএম
সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিপর্যস্ত সাম্পান শ্রমিকরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কর্ণফুলী নদীতে তেলবাহী লাইটার জাহাজে কর্মরত শ্রমিকদের পারাপার সেবায় নিয়োজিত সাম্পান শ্রমিকরা তাদের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে নিজেদের অধিকার রক্ষায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাঙ্গারচর ও পতেঙ্গা ওয়েল ট্যাংকার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়নের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। সংগঠনটি (রেজি নং-২৩৭০) একটি সরকার স্বীকৃত শ্রমিক সংগঠন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট থেকে ১১ নম্বর ঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে সাম্পান শ্রমিকরা তেলবাহী লাইটার জাহাজে কর্মকর্তা-কর্মচারীদের পারাপার এবং জাহাজের রশি বাঁধার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে তাদের পূর্বপুরুষরা এই পেশায় নিয়োজিত ছিলেন এবং বর্তমানে তারাই সেই ধারাবাহিকতা বজায় রাখছেন। শ্রমিকদের দাবি, পদ্মা, মেঘনা, যমুনা, আরএম-৩ ও আরএম-৪সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইটার জাহাজে তারা নিয়মিত সেবা দিয়ে থাকেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পেশায় প্রতিদিন নদীর উত্তাল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করতে হয়। এই পেশার ওপর নির্ভরশীল প্রায় ৩০০টি পরিবার, যেখানে প্রায় এক হাজার শ্রমিক ও তাদের স্বজনের জীবিকা জড়িত।

তবে সম্প্রতি “খাজা শিপিং লাইন (রায়হান এন্টারপ্রাইজ) সি লিঃ”নামের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তাদের এই বৈধ পেশায় অবৈধ হস্তক্ষেপ শুরু করেছে বলে অভিযোগ করা হয়। শ্রমিক নেতারা বলেন, ওই সিন্ডিকেট শ্রমিকদের কাজে বাধা প্রদান, জোরপূর্বক চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন, শ্রমিকদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নিয়ে যাচ্ছে, শ্রমিকদের ধরে নিয়ে ইলেক্ট্রনিক শর্ট দিচ্ছে,  এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমনকি শ্রমিকদের ‘তেল চোর’ আখ্যা দিয়ে অপমান করা হচ্ছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে রায়হান, মো. শাহানুর ও সাজ্জদসহ ১০-১২ জনকে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ বন্ধের চেষ্টা, নিয়মিত চাঁদা দাবি, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকি এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়। এ অবস্থায় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই কাজ করতে যেতে সাহস পাচ্ছেন না, ফলে তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে বলে জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন এবং স্থানীয় প্রশাসন, ইপিজেড থানা, নৌ-পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং শ্রমিকদের ওপর চাপ ও হুমকি বেড়েই চলেছে। এ প্রেক্ষাপটে শ্রমিক ইউনিয়ন পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো-

অবিলম্বে সংশ্লিষ্ট সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কর্ণফুলী নদীতে তাদের দীর্ঘদিনের বৈধ কর্মক্ষেত্র সংরক্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে কার্যকর নীতিমালা প্রণয়ন। সংগঠনের নেতারা বলেন, তারা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন এবং শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। তবে অস্তিত্ব হুমকির মুখে পড়লে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে ইউনিয়নের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, শ্রমিকদের এই দুর্দশা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে