গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৫০ পিএম
নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি মানুষের জীবনবোধ ও নৈতিক শক্তিকে সমৃদ্ধ করে। তিনি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণীর সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বগুজরা শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। রাউজান উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু অরুণ পালিত বাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লিটন মহাজন বাপ্পা। সংগঠনের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, সংগঠক রাখাল সরকার ও সুজন দাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শ্রীধাম বৃন্দাবনের শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজসহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ২৫টি গীতা স্কুল, ১২টি নৃত্য স্কুল এবং ২০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজন ঘিরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।