কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীরের দরবারে হামলা ও দরবার প্রধান কালান্দার বাবা শামীম জাহাঙ্গীর ওরফে শামীম( ৫২)হত্যার ঘটনায় মামলা করবে না নিহতের পরিবার। সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ফজলুর রহমান একথা জানান, ফজলুর রহমান আরো জানান, ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছিল। কিন্তু পরিবারের সিদ্ধান্তে তারা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘শামীমকে দাফনের পর আমরা আমাদের পরিবার ও স্বজনদের নিয়ে বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকেই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে, আমরা কোনো আইনি লড়াই বা মামলা-মোকদ্দমায় জড়াব না। কারণ আমার বয়স হয়েছে। মামলা না করার বিষয়ে পরিবারটির অবস্থান স্পষ্ট করে ফজলুর রহমান আরও বলেন, ‘আমরা কোনো মামলা করব না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা চাই পুলিশ তাদের নিজ দায়িত্বে শনাক্ত করুক এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করুক। কেন মামলা করবেন না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, আমার বয়স হয়েছেথএই বয়সে আইনি দৌড়ঝাঁপ করার শারীরিক সামর্থ্য আমার নেই। তাছাড়া পরিবারে এমন কেউ নেই যে, সে আইনী লড়াই করবে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,তারা মামলা করবেন না এমন কোনো আনুষ্ঠানিক বার্তা আমরা পাইনি। বরং আইনি প্রক্রিয়া শুরুর জন্য তাদের থানায় আসার কথা রয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, ১১ এপ্রিল দরবারে অতর্কিত হামলার ঘটনায় কথিত পীর কালান্দার জাহাঙ্গীর শামীম নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ দিকে কথিত পীর কালান্দার জাহাঙ্গীরের অন্যতম সহযোগী লালন অনুরাগী ওস্তাদ শফি মন্ডলের হোসেনাবাদের বাড়িতেও পুলিশ পাহারা রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে। এদিকে কথিত পীরের আস্তানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ, বিজিবি র্যাব মোতায়েন রয়েছে।