পাবনার চাটমোহর উপজেলার চর মথুরাপুর ও চরপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বরোপিট জলাশয় জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে,৬ একরের এই জলাশয়টি আগামী ৩ বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন চরপাড়া এলাকার রফিকুল আজিজ আরজু। তিনি দখলে থাকাবস্থায় গত ২ এপ্রিল চরপাড়া গ্রামের মুক্তার প্রামানিক গং জোরপুর্বক জলাশয়ে পানি সেচে মাছ ধরার অপচেষ্টা করছেন। খবর পেয়ে আরজু বাধা-নিষেধ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আরজু পাবনার ডিবি অফিসে একটি অভিযোগও দায়ের করেছেন। এদিকে এই জলাশয় দখলকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। একাধিক সুত্র জানায়,স্থানীয় বিএনপি নেতা ভিপি সেলিম রেজা এখন এই জলাশয়টি দখলের চেষ্টায় লিপ্ত হয়েছেন। দলের প্রভাব খাটিয়ে অন্যের ইজারা নেওয়া জলাশয়টি জবরদখলের ঘটনা এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই বরোপিট জলাশয় দখল নিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে বিএনপি নেতা ভিপি সেলিম রেজা জানান,জলাশয়টি জবরদখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। জলাশয়ের পাড়ে সাধারণ মানুষ যারা আছে,তারাই এটা পাবেন। কোন প্রভাবশালী ও বিগত দিনের আওয়ামী দোসর এখানে আসতে পারবেনা। এলাকার সাধারণ মানুষ এটা নিয়ে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হবে। এখানে অন্য কোন সুযোগ নেই। ইজারা দিলে এলাকার সাধারণ মানুষকেই দিতে হবে। রফিকুল আজিজ আরজু জানান,আমি নিয়মতান্ত্রিকভাবে ইজারা মুল্য দিয়ে জলাশয় ইজারা নিয়েছি। এখন সেটি জবরূখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমি আইনী সহায়তা চাই।