রাজশাহীতে ক্রেতা সেজে জ্বালানি তেলসহ রাকিব হাসান নামের মজুদকারীকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসান নামের এই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাকিব নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রোলও জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আজ রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির তত্ত্বাবধায়ক রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুদ করে রাখতেন। সেখান থেকে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকায় তেল বিক্রি করতেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে এ বিষয়ে নজরদারি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এ সময় হাতেনাতে তাকে ধরে তেল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানাও করা হয়।
ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে ধারণা করা হচ্ছে অভিযুক্ত রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুদ ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।