পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বরোপিট জলাশয় দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই জলাশয় পাউবো থেকে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারাদারকে উচ্ছেদ করে জলাশয়টি এলাকার কতিপয় নেতা ও তাদের সহযোগিরা দখল করার চেষ্টা করছে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে,ছয় একরের এই জলাশয়টি আগামী ৩ বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন চরপাড়া এলাকার রফিকুল আজিজ আরজু। তিনি দখলে থাকাবস্থায় গত ২ এপ্রিল চরপাড়া গ্রামের মুক্তার প্রামানিক গং জোরপুর্বক জলাশয়ে পানি সেচে মাছ ধরার অপচেষ্টা করছেন। খবর পেয়ে আরজু বাধা-নিষেধ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আরজু পাবনার ডিবি অফিসে একটি অভিযোগও দায়ের করেছেন। এদিকে জলাশয়টি দখলের চেষ্টা করছে স্থানীয় বিএনপি নেতা ভিপি সেলিম রেজা ও তার সহযোগিরা। এই জলাশয় দখলকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দলের প্রভাব খাটিয়ে অন্যের ইজারা নেওয়া জলাশয়টি জবরদখলের ঘটনা এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এলাকার দুই পক্ষ এখন মুখোমুখি। এই বরোপিট জলাশয় দখল নিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
ইজারাদার রফিকুল আজিজ আরজু অভিযোগ করেন,জলাশয়টি ইজারা নেওয়ার পর এলাকার ৬টি মসজিদ ও ৩টি মাদ্রাসার পক্ষ থেকে দাবি ছিল জলাশয়ের লভাংশ থেকে কিছু টাকা এসকল ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে হবে। এনিয়ে সমাধানও হয়। কিন্তু এলাকার সুবিধাবাদী একটি গ্রুপ জোরপূর্বক জলাশয় দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইতোমধ্যে পানি সেচে মাছ লুট করা হয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতা ভিপি সেলিম রেজা জানান,জলাশয়টি জবরদখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। জলাশয়ের পাড়ে সাধারণ মানুষ যারা আছে,তারাই এটা পাবেন। কোন প্রভাবশালী ও বিগত দিনের আওয়ামী দোসর এখানে আসতে পারবেনা। এলাকার সাধারণ মানুষ এটা নিয়ে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হবে। এখানে অন্য কোন সুযোগ নেই। ইজারা দিলে এলাকার সাধারণ মানুষকেই দিতে হবে। এলাকাবাসীই এটা ভোগদখল করবে। রফিকুল আজিজ আরজু জানান,আমি আওযামী বিরোধি আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আওয়ামী লীগের সময় আমার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। এখন একটি সুবিধাবাদী চত্র আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে অপপ্রচার করছে। আমি নিয়মতান্ত্রিকভাবে ইজারা মুল্য দিয়ে জলাশয় ইজারা নিয়েছি। এখন সেটি জবরূখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমি আইনী সহায়তা চাই।