বিলুপ্তির পথে নিকলী হাওর অঞ্চলের ধানের গোলা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ পিএম
বিলুপ্তির পথে নিকলী হাওর অঞ্চলের ধানের গোলা

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে কিশোরগঞ্জের নিকলীর হাওরের ঐতিহ্যবাহী ধানের গোলা। একটা সময় শতশত গেরস্থের বাড়িতে ধানের গোলায় ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। এক সময়কার প্রচলিত প্রবাদটি আজও মানুষের মুখে শোনা যায়। কিন্তু নিকলীতে গ্রামের পর গ্রাম ঘুরেও আর দেখতে পাওয়া যায় না নিকলী হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী এই ধানের গোলা। গোলাতে ধান ছাড়াও রাখা হতো চাল, গম, ভুট্টাসহ নানা খাদ্যশস্য। বর্তমানে হাওরে হাজার হাজার হেক্টর ধানক্ষেত থাকলেও নিকলী উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতে এখন আর নেই ধান,ভুট্টা, গম মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা মাটি দিয়ে তৈরি এই গোলাঘর। হাওরের গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দক্ষ শ্রমিক ছিল। এখন আর গোলা নির্মাণ শ্রমিকদের দেখা মেলে না। পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা। গ্রামে-গ্রামে  দক্ষ কারিগরদের হাতে তৈরি বাঁশের ধানের গোলা এক সময় গ্রামীণ জনপদে ব্যাপক চাহিদা থাকলেও কালের বিবর্তনে তা বিলুপ্তির পথে। এক সময়কার বড় কৃষক মানুষের জীবন-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদের পারিবারিক ব্যবহার্য উপকরণে। ফলে ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলার জায়গা দখল করে নিয়েছে পাটের বস্তা আর টিন বা প্লাস্টিকের তৈরি ড্রাম।এগুলো তৈরি ঝামেলামুক্ত ও সহজে বাজারে পাওয়া যায় বলে মানুষ বাঁশের গোলার পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে যাচ্ছে বাঁশের গোলার কদর।

আপনার জেলার সংবাদ পড়তে