সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে গতকাল মঙ্গলবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পরীক্ষার্থী ও অভিবাভকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের হস্তক্ষেপে পরীক্ষা বন্ধ করে নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করে পূনরায় পরীক্ষা নেয়া হয়।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ৩ কক্ষে ১৭৭জন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই পরীক্ষার্থীরা দেখতে পায় তাদেরকে যে প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্ন। বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরতদের অবগত করলে তারা বিষয়টি সমাধান করছে বলে সময়ক্ষেপন করতে থাকেন। পরে প্রায় ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে পুরাতন সিলেবাসের প্রশ্ন তুলে নেয়া হয়। পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়। এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ আমাদেরকে সময় বাড়িয়ে দিলেও যারা কক্ষ পরিদর্শক ছিলেন তারা সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে যায়। বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যদি পরীক্ষার এ সমস্যার কারণে পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পরে তাহলে এ দায় কেন্দ্র সচিবকেই নিতে হবে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদেরকে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন এবং চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাদেরকে ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেয় এবং পরীক্ষা সম্পন্ন করেন।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেয়া হয়েছিল। বিষয়টি জানতে পেরে ঢাকা বোর্ডর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। ওই পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত সুষ্ঠূভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে। কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার সাংবাদিকদের জানান, এটা ভুলবশত হয়েছে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হয়েছে।