গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় উত্তাল

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম
গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় উত্তাল

গণহত্যার বিচার, ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত কার্যকরের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা শাখা। দেশব্যাপী ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কলারোয়ায় এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিকেল ৫টায় কলারোয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মো. জিয়ারুল ইসলাম জিয়া। জেলা সেক্রেটারি মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা মাদ্রাসা সম্পাদক আনিছুর রহমান, জেলা বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, জেলা সহকারী অফিস সম্পাদক আহসান হাবীব ইমরোজ, কলারোয়া পৌর সভাপতি মোস্তাকিম বিল্লাহ, কলারোয়া পূর্ব সভাপতি আবু বকর সিদ্দিক, কলারোয়া পশ্চিম সভাপতি আবু রায়হান এবং কলারোয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরারসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার শহীদ ও আহত ছাত্র-জনতার চরম আত্মত্যাগের ফসল। তাই শহীদদের রক্তের সঙ্গে কোনো প্রকার আপস বা বেইমানি করা হবে না। তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ছাত্র-জনতাকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করা হলে সেই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তারা সতর্কতা ব্যক্ত করেন। পরিশেষে, জুলাই ঘোষণাপত্র দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে সমাবেশটি শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে