২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ২৯৪ জন, বেশিরভাগই বরিশাল-চট্টগ্রামের

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০৭:০৬ এএম
২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ২৯৪ জন, বেশিরভাগই বরিশাল-চট্টগ্রামের

দেশে ডেঙ্গু প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলছে। নতুন করে ২৪ ঘন্টায় ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এসময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এতে আরও বলা হয়েছে, ‘হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে একদিনে সারা দেশে আরও ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৬৭৩ জন।’

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের জানান স্বাস্থ্য অধিদপ্তর।