দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ছয়জন। রবিবার ভোর ৫টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মোশারফ হোসেন বাবু, মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত ছয়জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ বিষয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক আমির হুসাইন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।