পলাশবাড়ীতে শহীদদের স্মরণে স্মরণসভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৫ পিএম
পলাশবাড়ীতে শহীদদের স্মরণে স্মরণসভা

১৯৭১ সালের ৩১ মার্চ এই দিনে উত্তরাঞ্চলের প্রথম প্রতিরোধ যুদ্ধে লেফটেন্যান্ট রফিক আহমেদ সরকারসহ অজানা তিনজন মুক্তিযোদ্ধা এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে গাইবান্ধার পলাশবাড়ীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বধ্যভূমি সংরক্ষণ কমিটি পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টায় পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বদ্ধভূমিতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বধ্যভূমি সংরক্ষণ কমিটি পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আদিল-নান্নু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন গাইবান্ধা জেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বধ্যভূমি সংরণ কমিটির সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান। ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেস কাবের সভাপতি শাহ আলম সরকার, বিশ্বসাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সদস্য সিনিয়র সাংবাদিক সাহাদুর রহমান প্রধান, জেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম পাতা, ব্যাংক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) শাহ আলমসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়। তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রফিক আহমেদ সরকার ৩১ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বীরত্বের সহিত লড়াই করে। এসময় আরো দুই সহযোদ্ধাসহ তিনি শহীদ হন পলাশবাড়ীতে। মহান স্বাধীনতা যুদ্ধে এইসব বীরদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন তাঁদের রক্তের ঋণ বাঙালি জাতি কখনো ভুলবে না। বক্তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে