ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে ছোট পরিসরে খাতা খোলেন মারকুটে ‘রাক্ষস’ তথা সিয়াম আহমেদ। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০ এর অধিক হয়েছিল দু’দিন পরেই।
প্রথম দিকে কেবল মাল্টিপ্লেক্সেই মুক্তি পায় সিনেমাটি। এই মাল্টিপ্লেক্সে সর্বাধিক শো পেয়ে প্রথম দিন থেকে এগিয়ে ছিল আফরান নিশোর ‘দম’। তার পরই ছিল মাল্টিকাস্টের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে ‘দম’কে পেছনে ফেলে দ্রুত সময়ের মধ্যে দর্শক চাহিদা ও শোয়ের দিক থেকে এগিয়ে যায় ‘বনলতা এক্সপ্রেস’। তৃতীয় সপ্তাহে এসে শীর্ষস্থান ধরে রাখে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি। কিন্তু রেদওয়ান রনির ‘দম’ তৃতীয় সপ্তাহে এসে শোয়ের বিচারে হেরে যায় মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’র কাছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘রাক্ষস’র গতকাল শুকবার শো চলছে ১১টি। শনিবার ও চলবে ১১টি করে শো। অন্যদিকে লায়ন সিনেমাসে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ‘রাক্ষস’র প্রতিদিন ৪টি করে শো চলবে, আর যমুনা ব্লকবাস্টারে চলছে ৩টি করে শো। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে প্রতিদিন চলছে ৩টি করে শো এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিনেপ্লেক্সে প্রতিদিন চলবে ৩টি করে শো। সব মিলিয়ে চলতি সপ্তাহে এসে দেশের মাল্টিপ্লেক্সে রাক্ষসের শো চলছে রোজ ২৫টি করে।
অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ‘দম’র আজকের শো চলছে ১৪টি। এবং শনিবার ও চলবে ১৪টি করে শো। লায়ন সিনেমাসে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দমের প্রতিদিন ৩টি করে শো চলবে, আর যমুনা ব্লকবাস্টারে চলছে ৩টি করে শো। সে হিসেবে মাল্টিপ্লেক্সে সর্বমোট শো চলছে ২০টি করে।
এদিকে মাল্টিপ্লেক্স ছাপিয়ে শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিনে যাত্রা শুরু করেছে ‘রাক্ষস’। বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলে আজ থেকে প্রদর্শন শুরু হয়েছে সিনেমাটির। প্রথম ধাপে প্রায় ২০৩০ টি হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ বেশ কিছু হলে চলছে ‘রাক্ষস’।
আগামী সপ্তাহে হল সংখ্যা আরও দ্বিগুণ হবে বলে জানিয়েছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি। ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তৃতীয় সপ্তাহেও সিনেমাটির দর্শক রেসপন্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে ধরনের সিনেমা দেখে আনন্দ পান তার সবই এতে রয়েছে।’ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং।