সাতদিনের মধ্যে ফুটপাতের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০২:৫১ পিএম
সাতদিনের মধ্যে ফুটপাতের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

বরিশাল নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনদুর্ভোগ লাঘব করতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন। আগামী ১০ এপ্রিলের মধ্যে ফুটপাত ও জনসাধারণের ব্যবহার্য স্থানে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনস্বার্থে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল মহানগরীর সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা ও ফুটপাত থেকে সকল প্রকার অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা অপরিহার্য হয়ে পড়েছে। এতে উল্লেখ করা হয়, যারা বর্তমানে ফুটপাত বা রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন বা স্থাপনা নির্মাণ করেছেন, তারা যেন আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ উদ্যোগে তা সরিয়ে নেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, ১০ এপ্রিলের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। এরপরই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান শুরু হবে। এসময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদসহ কঠোর আইনগত ব্যবস্থা ও আর্থিক জরিমানা নিশ্চিত করা হবে। একটি সুশৃঙ্খল ও আধুনিক নগরী গড়ার লক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছে। আইনি জটিলতা ও অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই অবৈধ দখলদারদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে