বরিশালসহ ২৭ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৮ পিএম
বরিশালসহ ২৭ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ

বরিশালসহ দেশের ২৭ জেলায় বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়ার এ রীতি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রবিবার সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০২ মিলিমিটার।

আপনার জেলার সংবাদ পড়তে