তৃণমূলে শক্তি বাড়াতে

গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি ঘোষণা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৩:১১ পিএম
গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি ঘোষণা

গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূলভিত্তিক রাজনীতিতে সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন এবং সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার এই কমিটির অনুমোদন করেছেন। নবগঠিত কমিটিতে মো. রুয়েদ হাসান রুবেলকে আহবায়ক এবং মো. রোকন মৃধাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎দলীয় সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী রূপ দিতে সারাদেশব্যাপী যে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া চলছে, তারই অংশ হিসেবে সরিকল ইউনিয়নে এই আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উপজেলা নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী ইউনিয়ন কমিটির খসড়া তৈরি করে উপজেলা দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। গণঅধিকার পরিষদের নেতারা মনে করছেন, জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনকে সফল করতে হলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো জরুরি। এই লক্ষ্যে ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতৃত্বকে সামনে এনে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, গণমানুষের অধিকার আজও বারবার পদদলিত হচ্ছে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আপসহীন অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে সংগঠনের বার্তা পৌঁছে দিতে হবে এবং জনগণকে অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। সরিকল ইউনিয়নের নবগঠিত এই কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, ‎এই নেতৃত্ব কেবল একটি কমিটি নয়, এটি হবে অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের এক সুসংগঠিত প্ল্যাটফর্ম। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরিকল ইউনিয়নে ২১ সদস্যের এই আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ নেতৃত্বের অংশগ্রহণ সংগঠনকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, খুব শীঘ্রই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি তৃণমূলের ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ, কার্যকর ও জনমুখী কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে