জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গাঁজা ও ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পুলিশের তদন্তে ফেঁসে গেছেন আপন চার ভাই। শুক্রবার (৩ এপ্রিল) তিন ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আরেক ভাই পলাতক রয়েছে। তবে স্বাক্ষী না থাকায় মাদক মামলায় জাকির হোসেনকেও কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া কামারবাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে জাকির হোসেনের স্ত্রীর চাচাতো ভাই লাভলু বেপারী , মিলন বেপারী ও হালিম বেপারী পরিকল্পিতভাবে প্রতিপক্ষ জাকির হোসেনকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। তারা জোরপূর্বক জাকির হোসেনের কাছে গাঁজা ও ইয়াবা রেখে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাকে মারধর করেন। মারধরের ঘটনা স্থানীয় এক প্রতিবেশী জাকির হোসেনের ছেলে রাজধানীতে থাকা মামুনকে ফোনে জানালে মামুন ৯৯৯ এ ফোন করে বাবুগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে তাৎক্ষনিক ঘটনাস্থলে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করে এবং উল্টো অভিযুক্তদের আটক করে জাকির হোসেনের ছেলে মামুন বলেন, আমার আব্বু একজন কাঠ মিস্ত্রী, জমিজমা নিয়ে আমার মায়ের মামাতো ভাইয়েরা আমার আব্বুকে মাদক দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসনোর চেষ্টা করেছিলেন। আমার আব্বু নিরপরাধ। আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একাধিক সদস্যরা জানিয়েছেন, তদন্তে জানা গেছে লাভলু বেপারী গংরা পূর্ব শত্রুতার জেরধরে জাকিরের কাছে গাঁজা রেখে ফোন করে মাদকের তথ্য দিয়ে ফাঁসাতে চেয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।