সিলেটে সাইনবোর্ড অপসারণ ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে উত্তেজনা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৪ পিএম
সিলেটে সাইনবোর্ড অপসারণ ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে উত্তেজনা

সাইসবোর্ড অপসারণকে কেন্দ্র করে সিলেটে সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়ছে। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের সারদা হল এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ের সাইনবোর্ড অপসারণ করেন। নেতাকর্মীরা জানান, এই প্ল্যাটফর্মটি রাজনৈতিকভাবে বিতর্কিত ভূমিকা পালন করেছে, বিশেষ করে সাম্প্রতিক জুলাই-আগষ্ট আন্দোলনের সময়। তাদের অভিযোগ, সংগঠনটি ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির পক্ষে অবস্থান নিয়ে সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে জড়িত ছিল। এ কারণেই তারা সরকারি স্থাপনায় এই সংগঠনের উপস্থিতি মেনে নিতে নারাজ। জাসাস নেতারা আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, যা তারা প্রতিহত করতে বদ্ধপরিকর। তাদের ভাষ্য অনুযায়ী, এই ধরনের সংগঠনকে সিলেটের কোথাও কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, যুগ্ম আহবায়ক জহির চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমেদ সাজু, জাসাসের যুগ্ম আহ্বায়ক সিএম আরিফ আব্দুল্লাহ, নাহিদ আহমেদ, অভিনেতা শিপলু রাহাত, জাসাস নেতা সাজন আহমেদ ও এমদাদ প্রমূখ। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে