সৈয়দপুর শহরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত। এ সড়কটি দীর্ঘদিন থেকে ছিল বেহাল অবস্থায়। জনতার দাবি ছিল দ্রুত সময়ে এ সড়কের সংস্কার কাজ শুরু করা। কিন্তু পৌরসভার অর্থ সংকটের কারণে সময় মত তা করতে পারেনি কর্তৃপক্ষ। তবে সড়কটি যাতে দ্রুত সময়ে করা যায় সে বিষয়ে তৎপর ছিলেন পৌর প্রশাসকসহ দায়িত্বে থাকা কর্তারা। অবশেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা এর কঠোর নজরদারির মধ্যদিয়ে শুরু হল বেহাল সড়কের সংস্কার কাজ। সড়কটি সংস্কার হলে স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,বহুদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদাময় হয়ে পড়তো, ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী লোকজন সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন। সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর ও ব্যবসায়ি আক্তার হোসেন ফেকু জানান,দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়িরা। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ শুরু করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। অভিনন্দন জানিয়েছেন পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,সড়কটির পুরনো অংশ তুলে নতুন করে মজবুত ভিত্তি নির্মাণ করা হবে এবং আধুনিক পদ্ধতিতে কার্পেটিং করা হবে। এতে করে সড়কটি টেকসই হবে এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন,সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। তাই নির্দিষ্ঠ সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে,যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে। সংস্কার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এই সড়ক দিয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন এলাকাবাসী।