বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ বিক্রেতা হাফিজ সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, গৌরনদী বাসস্ট্যান্ডের জনৈক সুশান্ত রায়ের সেলুনের দোকানের সামনের ফাঁকা জায়গা থেকে হাফিজ সরদারকে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজ পিঙ্গলাকাঠী গ্রামের হানিফ সরদারের ছেলে। ওসি আরও জানান, এ ঘটনায় থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আসামি হাফিজ সরদারের বিরুদ্ধে থানায় মাদকের আরো চারটি মামলা রয়েছে।