শ্রীমঙ্গলে মৌরি মসলার মাঠ দিবস অনুষ্ঠিত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ পিএম
শ্রীমঙ্গলে মৌরি মসলার মাঠ দিবস অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসলার উন্নতজাত ও আধুনিক প্রযুক্তি সমপ্রসারণের লক্ষ্যে মৌরি মসলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতায় রোববার বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর ব্লকের লাহারপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল হাসান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠ দিবসে বক্তারা জানান, মৌরি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী মসলা ফসল, যার চাহিদা দেশে ক্রমেই বাড়ছে। কিন্তু উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। এ ঘাটতি পূরণে সরকার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের মৌরির বীজ, সঠিক বপন পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন কৌশল এবং সময়মতো ফসল সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে উৎপাদন বাড়ছে, উৎপাদন ব্যয় কমছে এবং কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে। কৃষি কর্মকর্তারা মৌরি চাষে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বলেন, সময়মতো উন্নত জাতের বীজ ব্যবহার, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বপন, সুষম সার প্রয়োগ এবং আগাছা ও রোগবালাই দমনে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। মাঠ দিবসে স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা আধুনিক পদ্ধতিতে মৌরি চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে