কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেছেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা এ কথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলা এমন একটি ক্ষেত্র যেখানে কোনো বিভেদ নেই-এখানে রয়েছে শুধু ঐক্য ও সহমর্মিতা। একটি ক্রীড়াবান্ধব দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা ক্রীড়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, জেলা ফুটবল লীগের কোচ হুমায়ুন কবির, ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান, ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলাম, অ্যাথলেটিক্স কোচ মো. আব্দুল জব্বার, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ ক্রীড়া ব্যক্তিত্বগণ। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ক্রীড়াই হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, কোচ ও সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়।