পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত দুধ উৎপাদনকারীকে জরিমানা করাসহ কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে,উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের মইনুর রহমানের ছেলে কমল হোসেন তার কারখানায় দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট,সয়াবিন,জেলি দিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ওই ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এসময় সেখানে রক্ষিত ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করেন। এময় অভিযুক্ত কমল হোসেনকে আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)ফয়সাল মাহমুদ। আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। এসময় আদালত জব্দকৃত ভেজাল ৩০ লিটার দুধ পাশের পুকুরে ফেলে বিনষ্ট করেন।