সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লক্ষ টাকার ক্ষতি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৪০ পিএম
সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লক্ষ টাকার ক্ষতি

পাবনার সুজানগরের ভাটপাড়া গ্রামের ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মোঃ ইউনুস আলীর মুদিখানার দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন উক্ত ইউনুস আলী ভাটপাড়া পুরাতন জামে মসজিদের পাশে মুদিখানার দোকান দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্য করে আসছিল। আর ওই ব্যবসাকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে তার কোন দ্বন্দ্ব-বিরোধও নেই। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী ইউনুস যথা নিয়মে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সোমবার ফজরের নামাজ পড়তে উঠা লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে ইউনুসকে খবর দেয়। খবর পেয়ে ইউনুস এসে এলাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এর আগেই দোকানঘর এবং দোকানে থাকা ডাল, তেল এবং লবণসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে যায়। আগুনে  প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ইউনুসের দাবি। ভুক্তভোগী ইউনুসের ধারণা অজ্ঞাত কারণে ওইদিন গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যে তার দোকানে আগুন দিয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে