মাদক নির্মূলে লক্ষ্মীপুর থেকে শুরু হবে অভিযান: ডিআইজি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ পিএম
মাদক নির্মূলে লক্ষ্মীপুর থেকে শুরু হবে অভিযান: ডিআইজি

মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্মীপুর থেকেই নতুন করে মাদকবিরোধী কার্যক্রমের সূচনা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের ডিলার, ব্যবসায়ী, অর্থের জোগানদাতা, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সেবনকারী—সবাইকে আইনের আওতায় আনা হবে। ২০ আগষ্ট বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী আরও বলেন, “এটাই মাদক নির্মূলের সময়। মানুষকে মাদকমুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ উপহার দিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

তিনি জানান, গত ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় সর্বাত্মক মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। প্রতিটি জেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। অভিযান শুরুর পর কুমিল্লায় তিন লাখ পিস ইয়াবার একটি বড় চালান আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআইজি বলেন, “আগে বড় চালান আটক হলে অনেক সময় শুধু ক্যারিয়ারদের আইনের আওতায় আনা হতো। এবার তা হবে না। মাদক চক্রের মূলহোতা থেকে শুরু করে অর্থের জোগানদাতা ও বিক্রেতা—যারা যে পর্যায়েই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূল করা সম্ভব হলে অন্যান্য অপরাধও স্বাভাবিকভাবেই কমে আসবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এর পরে লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে হল থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের প্রধান সড়কে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ  গিয়ে শেষ হয়।

জেলা পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে