ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের প্রায় সোয়া দুই ঘণ্টা পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। ঘটনাটি শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঘটে। পরে সকাল ১০ টা ৪৮ মিনিটে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর ট্রেনটি গফরগাঁও থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা করে ইঞ্জিনের ত্রুটি মেরামত করেন। এরপর সকাল ১০ টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় ময়মনসিংহ দিকে চলাচল শুরু করে। ওসি আকতার হোসেন আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়। এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝপথে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়।