ঈশ্বরদীতে বিএনপির কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০১:০৫ পিএম
ঈশ্বরদীতে বিএনপির কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পাবনার ঈশ্বরদীতে উপজেলা  ও পৌর বিএনপির একতরফা আংশিক কমিটি ঘোষনা করায় দলের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। রোববার (২৩ আগস্ট) রাত আট ঘটিকার দিকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগ সংগঠনের একাংশের নেতা কর্মীরা।

এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। সমবেত বিক্ষিপ্ত জনসাধারণ প্রতিবাদ স্বরুপ বিক্ষোভ মিছিল করেন। এসময় মিছিলটি রেলগেট থেকে শুরু করে স্টেশন রোড প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান ফটকে গিয়ে সমাবেশে রুপ নেয়। ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু কুমার সরকারের সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আমিরুল ইসলাম, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আনারুল বিশ্বাস, আলম হোসেন, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মাহমুদুল হাসান শাওন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে যারা ফ্যাসিস্ট সরকারের সর্বোচ্চ সুবিধা ভোগী ছিল তাদের নিয়েই বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। যেটা দলের নীতির পরিপন্থি। জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বিএনপিকে ধ্বংশ করতে এই নীল নকশা এটেছে। এজন্যই তিনি রাজপথের পরিক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে প্রহসনের কমিটি ঘোষনা করেছে। তবে এই কমিটি প্রত্যাহার না করা পর্যন্ত দলের পরীক্ষিত নেতাকর্মীরা রাজপথে থেকে দূর্বার অন্দোলন চালিয়ে যাওয়ার আর্টিমেটামও দেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে