কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০২:২৪ পিএম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন

পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সুধি সমাজ ও এলাকাবাসী ।

সোমবার (২৪আগষ্ট) সকাল ১১টায় সাধারণ জনগণের ব্যানারে কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম -চিলমারী সড়কে কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত ঘন্টাব্যাপী এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুরসহ জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।

পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় । এ সময় বক্তব্য রাখেন, মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক গীতিকার খ.ম আলী সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোঃ আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ নুরুন্নবী সরকার, মোঃ জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী, রাজু আহমেদ প্রমুখ ।

বক্তারা অনতিবিলম্বে নাদিয়ার দোলায় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য জোড় দাবী জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেয়ার আহ্বান জানান । সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে