চট্টগ্রামে বসবাসরত সেনবাগের পেশাজীবীদের সংগঠন চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে মোহাম্মদ নাজমুল হাসানকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
নতুন কমিটিতে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে মোট ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি হাসান মোঃ ফারুক আহমেদ; সহ-সভাপতি মনিরুল হক, মোঃ ইলিয়াস সানি, মোহাম্মদ জহির আলম, আবু ইউসুফ মোঃ শরীফ-ইকবাল ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ওমর ফারুক। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মহিলা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের নথিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী এবং গঠিত নির্বাচন কমিশনের প্রদত্ত ক্ষমতাবলে আগামী দুই বছর মেয়াদের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামে বসবাসরত সেনবাগের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে এবং সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।