নির্ধারিত সময়ে উপস্থিত হলেও সময়ের আগেই কর্মস্থল ত্যাগ শিক্ষকদের

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৫:৫৯ পিএম
নির্ধারিত সময়ে উপস্থিত হলেও সময়ের আগেই কর্মস্থল ত্যাগ শিক্ষকদের

সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হলেও ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই কর্মস্থল ত্যাগ করেন শিক্ষকরা। এমনকি সহকারী শিক্ষকরা কখন প্রতিষ্ঠান ত্যাগ করেন তা জানেন না প্রধান শিক্ষক। এমনই অভিযোগ ও তথ্যচিত্র দেখা গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার চান্দের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা উড়লেও উপস্থিত নেই শিক্ষক ও শিক্ষার্থী। স্থানীয়রা জানান, প্রতিদিনই বিকাল ৩টার মধ্যেই প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করে চলে যান। প্রধান শিক্ষক চলে যাওয়ার পরেই শুরু হয় একে একে সহকারী শিক্ষকদের বিদ্যালয় ত্যাগ করে চলে যাওয়া। স্থানীয়রা আরো জানান, শিক্ষকরা সকালে ৯টার মধ্যেই সবাই উপস্থিত হলেও ছুটি দেয় ৩টার মধ্যেই।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফারহানা আফরোজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলমান থাকায় সহকারী শিক্ষকরা পরীক্ষা কক্ষে ছিলেন। তিনি‌ আগেই চলে গেছেন । সহকারী শিক্ষকরা কে কখন চলে গেছে তিনি তা জানেন না। তবে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান বলেন, আমরা সবাই জেলা অফিসে মিটিংয়ে আছি। বিষয়টা আমি সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে খোঁজ নিচ্ছি, যদিও সহকারী শিক্ষা অফিসার নিজেও এই মুহূর্তে মিটিংয়ে উপস্থিত আছে। ঘটনার সত্যতা পেলে শোকজ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে