গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম ঘণ্টার শেষের দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন হঠাৎ উমাইমা, আহসান ও মিনহাজসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে দ্রুত টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম জানান, ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। পরে টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি অভিভাবকদের জানানো হলে দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে, ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায়। টোক উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আজহারউদ্দীন জানান, বমি ও মাথা ঘোরার সমস্যাজনিত কারণে চার শিক্ষার্থীকে সেখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সামাউল হোসেন রিফাত জানান, তিনজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাস বা ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয় এবং পরে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হয়।